গুম মৃত্যুর চেয়েও ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন: সাবেক বিচারপতি মঈনুল ইসলাম
গুমকে গুরুতর মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে একে ‘মৃত্যুর চেয়েও ভয়াবহ’ বলে মন্তব্য করেছেন গুমসংক্রান্ত অনুসন্ধান কমিশনের সাবেক চেয়ারম্যান ও সাবেক বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর ধানমণ্ডিতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স (বিলিয়া) মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি: একটি পর্যালোচনা’ শীর্ষক সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিচারপতি মঈনুল ইসলাম বলেন, গুমের ঘটনা মৃত্যুর চেয়েও বেশি ভয়াবহ, কারণ মৃত্যুর ক্ষেত্রে পরিবার অন্তত প্রিয়জনকে হারানোর বিষয়টি নিশ্চিতভাবে জানতে পারে এবং দাফন-কাফনসহ ধর্মীয় ও সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারে। কিন্তু গুমের শিকার ব্যক্তির অবস্থান সম্পর্কে পরিবার কোনো নিশ্চিত তথ্য পায় না, যা তাদেরকে দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণার মধ্যে ফেলে।
তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের পরিবার দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটায়। আশা ও হতাশার মাঝখানে আটকে থেকে তারা সামাজিক কলঙ্ক, আর্থিক দুরবস্থা এবং একঘরে হয়ে পড়ার মতো কঠিন বাস্তবতার মুখোমুখি হয়।
সিম্পোজিয়ামে আরও বক্তব্য দেন গুমসংক্রান্ত অনুসন্ধান কমিশনের সাবেক সদস্য বিচারপতি মো. ফরিদ আহমেদ শিবলী, সাজ্জাদ হোসেন ও নূর খান লিটন, মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক তাসকিন ফাহমিনা, বিলিয়ার সেক্রেটারি ড. মুহাম্মদ একরামুল হক এবং বিলিয়ার পরিচালক রাষ্ট্রদূত এম. মারুফ জামান।