ইনস্টাগ্রামে নতুন ফিচার: ক্লোজ ফ্রেন্ডস তালিকা থেকে নিজেই সরে যাওয়ার সুযোগ
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার নিয়ে আসছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা চাইলে অন্য কারো ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে নিজের ইচ্ছায় সরতে পারবেন। বর্তমানে ফিচারটি প্রাথমিক উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য পরীক্ষামূলকভাবে চালু করা হয়নি।
‘ক্লোজ ফ্রেন্ডস’ ফিচারটি ২০১৮ সালে চালু হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট স্টোরি, রিলস বা পোস্ট শুধু নির্বাচিত বন্ধুর সঙ্গে ভাগ করতে পারেন। তবে এতদিন অন্য কারো তালিকায় যুক্ত হলে নিজেই বের হওয়ার কোনো সুযোগ ছিল না।
এই নতুন ফিচারের তথ্য প্রথম প্রকাশ করেন রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি। তার শেয়ার করা স্ক্রিনশট অনুযায়ী, ব্যবহারকারী যদি নিজে থেকে কারো ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকা থেকে সরে যান, তাহলে আর সেই ব্যক্তির ক্লোজ ফ্রেন্ডসের স্টোরি বা কনটেন্ট দেখতে পারবে না। ভবিষ্যতে আবার দেখতে চাইলে নতুন করে তালিকায় যুক্ত হতে হবে।
এছাড়াও, মেটা ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক নতুন ফিচার পরীক্ষা করছে। সাবস্ক্রিপশন সেবা ব্যবহারকারীদের অতিরিক্ত নিয়ন্ত্রণ এবং বিশেষ সুবিধা প্রদান করবে। আলেসান্দ্রো পালুজ্জির তথ্য অনুযায়ী, প্রিমিয়াম সংস্করণে থাকতে পারে একাধিক অডিয়েন্স লিস্ট তৈরি করার সুবিধা, ফলো ব্যাক না করা ব্যবহারকারীদের দেখা, এবং স্টোরি দেখলেও পোস্টদাতাকে জানানো না—এ ধরনের নিয়ন্ত্রণ।
মেটা জানিয়েছে, মূল প্ল্যাটফর্মের ব্যবহার সবার জন্য বিনামূল্যে রাখা হবে। তবে যারা আরও নিয়ন্ত্রণ এবং বিশেষ সুবিধা চান, তাদের জন্য সাবস্ক্রিপশনভিত্তিক মডেল চালু করা হতে পারে।