ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: রেলপথ মন্ত্রণালয়কে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে যাত্রীসাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
শনিবার (৩১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতিতে গণপরিবহন হিসেবে রেলওকে লক্ষ্য করে নাশকতামূলক কার্যক্রমের আশঙ্কা রয়েছে।
অতএব, রেলের যাত্রীসাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
সাধারণ জনগণের প্রতি বলা হয়েছে, কোনো ধরনের নাশকতা বা রেল যাত্রী, ট্রেন ও অবকাঠামোর ক্ষতিসাধনের চেষ্টা দেখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ রেলস্টেশনে দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, সংশ্লিষ্ট গেটকিপার অথবা রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। এছাড়া, বাংলাদেশ রেলওয়ের হটলাইন ১৩১ নম্বরে কল করেও বিষয়টি জানানো যাবে।