শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ফেব্রুয়ারি থেকে কমলো জ্বালানি তেলের দাম, লিটারে ২ টাকা হ্রাস

ফেব্রুয়ারি থেকে কমলো জ্বালানি তেলের দাম, লিটারে ২ টাকা হ্রাস

favicon
ভোরের আলো ডেস্ক:
ফেব্রুয়ারি থেকে কমলো জ্বালানি তেলের দাম, লিটারে ২ টাকা হ্রাস

বিশ্ববাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার। ফেব্রুয়ারি মাসের জন্য ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারে ২ টাকা করে হ্রাস করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ১০০ টাকা, কেরোসিন ১১২ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং অকটেন ১২০ টাকা। শনিবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য আজ রোববার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে।

জ্বালানি বিভাগ জানায়, গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হচ্ছে। একইভাবে আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) প্রতি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও সমন্বয় করে থাকে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭৫ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহার হয়। বাকি অংশ পেট্রোল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেলে ব্যবহৃত হয়।

জ্বালানি বিভাগ আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ কর্মসূচির শর্ত অনুযায়ী গত বছরের ২৯ ফেব্রুয়ারি দেশে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ ব্যবস্থা চালু করা হয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও কমবে, আর বাড়লে দেশের বাজারেও সমন্বয় করা হবে।