শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচনে ইন্টারনেট খোলা থাকবে, বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকালে ইন্টারনেট ব্যবহারে কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হলো ইন্টারনেট খোলা রাখা। কেউ যদি ইন্টারনেট বন্ধ করে, তাহলে তাকে আইনের আওতায় আনা হবে।’


রবিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে ঘিরে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে নানা আলোচনা হয়। তবে সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন, ‘নির্বাচনটি লেভেল প্লেয়িং ফিল্ডেই হবে।’


দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ১৮ কোটি মানুষের আইন-শৃঙ্খলা রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ। তারপরও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। প্রস্তুতি অনুযায়ী কাজ এগোলে নির্বাচন হবে সুষ্ঠু, উৎসবমুখর ও সম্পূর্ণ নিরপেক্ষ।


সামাজিক যোগাযোগমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সময়ে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে যে স্বাধীনতা দেখা যাচ্ছে, অতীতে তা ছিল না। ‘ইন্টারনেট বা সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করা এখন আর গ্রহণযোগ্য নয়। সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবেন,’—বলেন তিনি।


সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকদের মুখ এখন উন্মুক্ত। সত্য তথ্য প্রকাশের মাধ্যমে জনগণকে সঠিক তথ্য জানানোই গণমাধ্যমের দায়িত্ব। সরকার চায় সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করুক।


নির্বাচনকালীন সহিংসতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক অনেক সহিংসতার ঘটনা একই দল বা সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে সৃষ্টি হচ্ছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।


চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে।


মতবিনিময় সভায় স্বরাষ্ট্রসচিব নাসিমুল গণি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ আইন-শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।