ইইউ বাজারে শুল্কমুক্ত সুবিধা ধরে রাখতে দ্রুত এফটিএ আলোচনার আহ্বান ড. ইউনূসের
বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) শুল্কমুক্ত প্রবেশাধিকার ও বিদ্যমান বাণিজ্য সুবিধা অব্যাহত রাখতে দ্রুত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা শুরু করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও উপস্থিত ছিলেন।
ড. ইউনূস বলেন, ভবিষ্যতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে ইইউ বাজারে বর্তমান শুল্কমুক্ত সুবিধা ও বাণিজ্যিক সুযোগ সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে ইইউর সঙ্গে এফটিএ আলোচনায় অগ্রসর হওয়া প্রয়োজন।
বৈঠকে বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করা এবং ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় সংস্কার নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন এবং নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের বিষয়টিও উঠে আসে।
প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি জাপানের সঙ্গে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) সম্পন্ন করেছে। এর ফলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জাপানে ৭ হাজার ৩০০টির বেশি বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ অদূর ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সঙ্গেও অনুরূপ বাণিজ্য আলোচনা শুরু করার প্রস্তুতি নিচ্ছে, যাতে বিশেষ করে তৈরি পোশাকসহ বাংলাদেশি পণ্যের ইইউ বাজারে দীর্ঘমেয়াদি শুল্কমুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করা যায়।