রমজানে সুলভ দামে মাংস, দুধ ও ডিম বিক্রি করবে সরকার, থাকছে ৪৮টি বিক্রয়কেন্দ্র
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এ বছরও সুলভমূল্যে মাংস, দুধ ও ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। নির্ধারিত দামে প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকা, প্রক্রিয়াজাত মুরগির মাংস ২৫০ টাকা, প্রতি লিটার দুধ ৮০ টাকা এবং প্রতিটি ডিম ৮ টাকায় বিক্রি করা হবে।
রবিবার (১ ফেব্রুয়ারি) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে রমজান উপলক্ষে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, গত বছরের তুলনায় এবার বিক্রয়কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। চলতি বছর রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ৪৮টি স্থানে এসব পণ্য বিক্রি করা হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান বলেন, “রমজান মাসে রোজাদারদের ভোগান্তি কমাতে সরকার বরাবরের মতো এবারও ন্যায্যমূল্যে পণ্য বিক্রির উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, পণ্য সরবরাহকারী অংশীজনদের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে এবং তারা গত বছরের তুলনায় আরও বেশি স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করবে।