ব্যানার পোড়ানো ও ভয়ভীতির প্রতিবাদে দেবীদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহ
নির্বাচনী ব্যানার পোড়ানো, পোস্টার ছেঁড়া এবং কর্মীদের ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সমর্থনের গণজোয়ার থামানো যাবে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামে এক উঠান বৈঠকে নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, মানুষের সঙ্গে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা ব্যানারে আগুন লাগিয়ে, পোস্টার ছেঁড়ে বা কর্মীদের ভয় দেখিয়ে থামানো সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর কর্মীদের ভয়ভীতি দেখানো ও হামলার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এসব অন্যায়ের বিচার একদিন অবশ্যই হবে বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, নিপীড়িত মানুষের আহাজারি আল্লাহর কাছে পৌঁছে যায় এবং জুলুমের বিচার আল্লাহ নিজেই করেন।
উঠান বৈঠকে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ এবং উপজেলা জামায়াতের সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম,সহ স্থানীয় নেতৃবৃন্দ।