নির্বাচনের আগে-পরে ৭ দিন বিশেষ দায়িত্বে আইনশৃঙ্খলা বাহিনী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে নির্বাচন-পূর্ব ও নির্বাচন-পরবর্তী সময় মিলিয়ে মোট সাত দিন বিশেষ দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচন ঘিরে পরিস্থিতির অবনতি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করা হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী সর্বাধিক সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
তিনি আরও জানান, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।