শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়আইনশৃঙ্খলা ও মানবাধিকার সংস্কারে চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার: এইচআরডব্লিউ রিপোর্ট

আইনশৃঙ্খলা ও মানবাধিকার সংস্কারে চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার: এইচআরডব্লিউ রিপোর্ট

favicon
ভোরের আলো ডেস্ক:
আইনশৃঙ্খলা ও মানবাধিকার সংস্কারে চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার: এইচআরডব্লিউ রিপোর্ট

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রকাশিত সংস্থাটির বার্ষিক প্রতিবেদনে এ মূল্যায়ন উঠে এসেছে।


প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়কার গুমের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমে এলেও রাজনৈতিক বিবেচনায় গণগ্রেফতারের অভিযোগ রয়েছে। হাজার হাজার মানুষকে বিভিন্ন মামলায় আটক করা হয়েছে, যাদের মধ্যে অনেকে বিচার ছাড়াই কারাগারে রয়েছেন এবং অনেক ক্ষেত্রে জামিন আবেদন নাকচ করা হচ্ছে।


এইচআরডব্লিউ জানায়, আটক ব্যক্তিদের তালিকায় রাজনীতিবিদদের পাশাপাশি অভিনয়শিল্পী, আইনজীবী ও সঙ্গীতশিল্পীরাও রয়েছেন। বিভিন্ন মামলায় বিপুল সংখ্যক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করার বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।


এছাড়া মব সহিংসতার বাড়তি প্রবণতাকে অন্তর্বর্তী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুন থেকে গত বছরের আগস্ট পর্যন্ত মব সহিংসতায় অন্তত ১২৪ জন নিহত হয়েছেন।


নারী নির্যাতন, সংখ্যালঘুদের ওপর হামলা, নতুন করে রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশ এবং বৈদেশিক সহায়তা কমে যাওয়ার কারণে দেশের মানবিক পরিস্থিতির অবনতির আশঙ্কার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।