নির্বাচনী জনসভায় যোগ দিতে চাঁপাইনবাবগঞ্জে আজ জামায়াত আমির ডা. শফিকুর রহমান
নির্বাচনী জনসভায় অংশ নিতে আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সকাল ১০টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর।
জেলা জামায়াত নেতারা জানিয়েছেন, জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ডা. শফিকুর রহমানের দ্বিতীয় চাঁপাইনবাবগঞ্জ সফর।
এর আগে ২০২৪ সালের ১৯ অক্টোবর তিনি প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ সদরে জামায়াতের জনসভায় বক্তব্য দেন। দলীয় সূত্রে জানা গেছে, জেলা জামায়াত আমির আবু জার গিফারীর সভাপতিত্বে আয়োজিত এ জনসভায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ জামায়াতের কেন্দ্রীয় নেতারা ও জোট নেতারা উপস্থিত থাকবেন।
এছাড়া সভায় বক্তব্য দেবেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের প্রার্থী ও রাজশাহী মহানগর আমির ড. কেরামত আলী, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের প্রার্থী ও জেলা জামায়াতের নায়েবে আমির ড. মিজানুর রহমান এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুলসহ অন্যান্য নেতারা।