সামাজিক মাধ্যমে নির্বাচনি প্রচারণায় কঠোর নির্দেশনা ইসির
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনি প্রচারণায় রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক জানান, এ বিষয়ে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে নির্দেশনাসংবলিত একটি চিঠি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ১৬ অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাতে হলে প্রার্থী বা তার নির্বাচনি এজেন্টকে ব্যবহৃত প্ল্যাটফর্মের নাম, অ্যাকাউন্ট আইডি, ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় শনাক্তকরণ তথ্য প্রচার শুরুর আগেই সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিতে হবে।
এছাড়া বিধিমালার ২২(২) অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি কনটেন্ট, বিজ্ঞাপন, বুস্টিং ও স্পন্সরশিপসহ সব ধরনের প্রচারণার ব্যয় নির্বাচনি ব্যয়ের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনে জমা দেওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দল ও প্রার্থীরা কোন কোন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে, সে সম্পর্কিত তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখায় পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।