নির্বাচনে সেনাবাহিনীর বাড়তি উপস্থিতি, ভোটকেন্দ্র পর্যন্ত টহলের অনুমোদন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে দেশজুড়ে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর দপ্তর। এবারই প্রথমবারের মতো সেনাবাহিনীকে ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহল দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর গুলিস্তানে রোলার স্কেটিং কমপ্লেক্সে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মনজুরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, পূর্ববর্তী নির্বাচনগুলোতে সর্বোচ্চ ৪০ থেকে ৪২ হাজার সেনা সদস্য মোতায়েন করা হয়েছিল। তবে এবারের নির্বাচনে নিরাপত্তা জোরদার এবং ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে আসা নিশ্চিত করতে সদস্য সংখ্যা বাড়িয়ে এক লাখ করা হয়েছে। আগের নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দূরবর্তী স্থানে অবস্থান করলেও এবার তাদের ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সেনাবাহিনী প্রধান প্রয়োজনীয় সংখ্যক সদস্য রেখে বাকি সদস্যদের নির্বাচনী দায়িত্বে নিয়োজিত করেছেন, যাতে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হয় এবং ভোটারদের আস্থা ফিরে আসে।
যানবাহনের ঘাটতি প্রসঙ্গে তিনি বলেন, প্রয়োজনীয় যানবাহনের জন্য অসামরিক প্রশাসনের কাছে সহায়তা চাওয়া হলেও তা সবসময় পাওয়া যাচ্ছে না। তাই প্রয়োজন হলে গাড়ি ভাড়া করে টহল কার্যক্রম চালানো হচ্ছে। সেনা সদস্যরা দিনরাত কাজ করে নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।