মো. এরফানুল হক পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত সচিব মো. এরফানুল হক।
শুক্রবার তিনি পদটি গ্রহণ করেন, এ বিষয়ে শনিবার পেট্রোবাংলা থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পেট্রোবাংলায় যোগদানের আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি সরকারি চাকরিতে যোগদান করেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে মো. এরফানুল হক মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে কাজ করেছেন।
শিক্ষাগত যোগ্যতায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর এবং পরবর্তীতে জাপানের ওয়াসেদা বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স অর্জন করেন।
চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।