নান্দাইলে নদী পুনঃখননের সময় মানুষের মাথার খুলি উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নরসুন্দা নদী পুনঃখননের সময় মাটির নিচ থেকে মানুষের মাথার খুলি ও শরীরের কিছু হাড় উদ্ধার হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার আচারগাঁও ইউনিয়নের ঝাউগড়া গ্রামের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উদ্যোগে নদী পুনঃখনন চলাকালে এক্সকাভেটর দিয়ে মাটি কাটার সময় হঠাৎ মানুষের হাড় ও একটি মাথার খুলি বেরিয়ে আসে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।
স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল ধারণা করেন, দুর্বৃত্তরা হয়তো কাউকে হত্যার পর নদীর পাড়ে লাশ পুঁতে রেখেছিল অথবা মুক্তিযুদ্ধকালীন সময়ের কোনো ঘটনার সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে। তবে খুলিটির বয়স সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। খুলিতে থাকা ছোট আকারের দাঁতগুলো এখনও অক্ষত রয়েছে বলে তিনি জানান।
পরে উদ্ধার হওয়া মাথার খুলিটি স্থানীয় দ্বীন ইসলাম সংরক্ষণে রেখেছেন বলে জানা গেছে। তিনি জানান, শিশুদের হাতে পড়ে হাড়গোড় ছড়িয়ে পড়লেও খুলিটি আলাদা করে রাখা হয়েছে।
এ বিষয়ে নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে কেউ দাবি করলে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত করা সম্ভব হতে পারে।