শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশমোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ সন্দেহে আটক ১

মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ সন্দেহে আটক ১

favicon
ভোরের আলো ডেস্ক:
মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে বিদেশি পিস্তলসহ চাঁদাবাজ সন্দেহে আটক ১

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ জাহিরুল ইসলাম (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) শেরেবাংলা নগরের ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।


তিনি জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ২টা পর্যন্ত বসিলা আর্মি ক্যাম্পের একটি দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৃষি মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জাহিরুল ইসলামকে তার বাসা থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি ৭.৬৫ মিমি পিস্তলসহ আটক করা হয়।


পরবর্তীতে আটক ব্যক্তির দেওয়া তথ্য অনুযায়ী তার অফিসে তল্লাশি চালিয়ে একই ধরনের আরও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিও জব্দ করা হয়েছে।


সেনাবাহিনীর কর্মকর্তার দাবি, দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি কৃষি মার্কেট এলাকায় একটি অফিস দখল করে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছিলেন। ব্যবসায়ীরা লিখিত অভিযোগ না দিলেও মৌখিকভাবে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন।


অভিযান শেষে আটক ব্যক্তি এবং উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী সেনাবাহিনীর এই অভিযানের প্রশংসা করে অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।