শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ মাঠে নামছেন ১,০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ মাঠে নামছেন ১,০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন ও গণভোট সামনে রেখে আজ মাঠে নামছেন ১,০৫১ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে ১ হাজার ৫১ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন শুরু করছেন। পাশাপাশি সেনাবাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে নামছেন। তারা আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচনী দায়িত্ব পালন করবেন।


শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, সেনাবাহিনীর সদস্যরা আগে থেকেই মাঠে থাকলেও রোববার থেকে আরও সদস্য যুক্ত হবেন। ভোটের আগে ও পরে মোট সাত দিন তারা দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর কমিশন জানিয়েছে, দেশের সামগ্রিক পরিস্থিতি ভালো এবং নির্বাচন আয়োজনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে।


তিনি আরও বলেন, সব ব্যালট বাক্স জেলা পর্যায়ে পাঠানো হয়েছে এবং রিটার্নিং কর্মকর্তারা সেগুলো গ্রহণ করছেন। বর্তমানে সংশ্লিষ্টরা ভোটের প্রস্তুতি নিয়ে ব্যস্ত।


এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে জানানো হয়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ, বিজিবি, আনসার-ভিডিপি ও কোস্ট গার্ড মোতায়েন থাকবে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ ব্যবস্থায় সশস্ত্র বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনী দায়িত্বে এবার মোট ৯ লাখ ৭০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবেন। এর মধ্যে আনসার ও ভিডিপি ৫ লাখ ৭৬ হাজার ৪৮৩ জন, সেনাবাহিনী ১ লাখ ৩ হাজার, নৌবাহিনী ৫ হাজার, বিমানবাহিনী ৩ হাজার ৭৩০, বিজিবি ৩৭ হাজার ৪৫৩, কোস্ট গার্ড ৩ হাজার ৫৮৫, পুলিশ ১ লাখ ৮৭ হাজার ৬০৩, র‍্যাব ৯ হাজার ৩৪৯ এবং চৌকিদার-দফাদার ৪৫ হাজার ৮২০ জন সদস্য রয়েছেন।


পরিপত্র অনুযায়ী, সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন বাহিনী মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। বিজিবি, র‍্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন জেলা, উপজেলা ও থানাভিত্তিক কাজ করবে এবং উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন থাকবে। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবে।