ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের নতুন কমিটি ঘোষণা
প্রশাসন ক্যাডারের মাঠপর্যায়ে কর্মরত সিনিয়র সহকারী কমিশনার/সচিব ও সহকারী কমিশনার/সচিব পদে কর্মরত প্রায় সাড়ে তিন হাজার কর্মকর্তার প্রতিনিধিত্বকারী সংগঠন ইয়াং অফিসার্স ফোরাম অব অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস (ইয়োফাস)-এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী এবং সাধারণ সম্পাদক হয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম (জয়)। সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সেতু বিভাগের সিনিয়র সহকারী সচিব রিনাত ফৌজিয়া।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনজন যুগ্মসম্পাদকসহ মোট ১৮ সদস্যের কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি কানিজ মাওলা ও মহাসচিব বাবুল মিয়া।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নতুন কমিটির পথচলার মূল অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের মতে, নতুন কমিটি প্রশাসন ক্যাডারের সদস্যদের দক্ষতা উন্নয়ন, যোগাযোগ বৃদ্ধি এবং পেশাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।