শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশকুমিল্লার দেবীদ্বারে শ্লোগানকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের হাতাহাতি

কুমিল্লার দেবীদ্বারে শ্লোগানকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের হাতাহাতি

favicon
ভোরের আলো ডেস্ক:
কুমিল্লার দেবীদ্বারে শ্লোগানকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের হাতাহাতি

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে শাপলা কলি ও ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি শ্লোগানকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বারের সুলতানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণের পর বিএনপির মনোনয়নবঞ্চিত সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী সেখানে আসেন। এ সময় তার সমর্থকরা ট্রাক প্রতীকের পক্ষে শ্লোগান দিলে এনসিপি নেতা-কর্মীরা শাপলা কলির পক্ষে পাল্টা শ্লোগান দেন।


এর জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়ে একপর্যায়ে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে বিএনপির কয়েকজন নেতা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


দেবীদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক মো. জাহাঙ্গীর আলম সরকার বলেন, শ্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং কেউ আহত হয়নি।


কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী জানান, পূর্বঘোষিত কর্মসূচির অনুষ্ঠান শেষে শ্লোগান দেওয়াকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটে।


দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হাতাহাতির খবর পাওয়া গেছে, তবে কেউ আহত হয়নি এবং এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।