ভুয়া প্রশিক্ষণ সনদ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের
আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের সুনাম বজায় রাখতে দক্ষতা প্রশিক্ষণের জাল ও ভুয়া সনদের ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় ড. ইউনূস বলেন, বিশ্ব শ্রমবাজারে বাংলাদেশের কর্মীদের চাহিদা বাড়লেও প্রশিক্ষণ সনদ জালিয়াতি ও প্রতারণার কারণে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়োগদাতারা যদি আস্থা হারান, তাহলে দক্ষতা উন্নয়ন উদ্যোগগুলো ব্যাহত হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি জালিয়াতি বন্ধে কার্যকর নজরদারি ও সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং বেসরকারি উদ্যোক্তাদের স্বচ্ছ ও দক্ষতার সঙ্গে কাজ করার পরিবেশ তৈরির নির্দেশ দেন।
সভায় নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, শিল্প, গৃহায়ন ও স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।