শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি, ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি: প্রেসসচিব

৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি, ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি: প্রেসসচিব

favicon
ভোরের আলো ডেস্ক:
৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি, ইতিহাসের সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি: প্রেসসচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রেই গোয়েন্দা নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, নিরাপত্তা ও প্রযুক্তিগত প্রস্তুতির দিক থেকে এবারই সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।


রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচনের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান তিনি।


প্রেসসচিব বলেন, প্রতিটি ভোটকেন্দ্রই গোয়েন্দা সংস্থার নজরদারির আওতায় থাকবে। প্রকাশ্য নিরাপত্তার পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হয়েছে, যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।


তিনি জানান, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের নির্বাচনে অধিকসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। মাঠপর্যায়ে গোয়েন্দা সংস্থাগুলো সক্রিয় থাকবে, যাতে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা দ্রুত নিয়ন্ত্রণ করা যায়।


শফিকুল আলম বলেন, সরকারের মূল লক্ষ্য হলো দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেবেন।