কানাডা নির্বাচনের কারিগরি সহায়তায় বাংলাদেশকে দিচ্ছে ২০ লাখ ডলার অনুদান
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের কারিগরি সহায়তায় ২ মিলিয়ন ডলার অনুদান প্রদানের ঘোষণা দিয়েছে কানাডা।
রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার এইচ.ই. অজিত সিং সাংবাদিকদের জানান, ‘আমি বিশ্বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং স্বচ্ছ নির্বাচনের জন্য বাংলাদেশের অগ্রগতিতে গর্বিত। কানাডা বাংলাদেশের দীর্ঘস্থায়ী অংশীদার ও বন্ধু। আমরা আপনাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম।’
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ১ লাখেরও বেশি বাংলাদেশি-কানাডিয়ান দুই দেশের সম্পর্কের সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিশ্বের অন্যতম বৃহৎ নির্বাচন হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘বাংলাদেশে কী ঘটে তা কানাডা এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ। আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করি।’
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টিফান লিলার কানাডা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য জাতিসংঘের এই কনসোর্টিয়ামকে সমর্থন দেওয়ায় আমি কানাডার করদাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
স্টিফান লিলার আরও জানান, গত এক বছর ধরে ইউনেসকো, জাতিসংঘ নারী, ইউএনওডিসি এবং ইউএনডিপি—এই চারটি সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের অনুরোধে কারিগরি সহায়তা দিয়ে আসছে। কানাডার এই নতুন তহবিল সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে।
উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর ঢাকায় থাকছে। কানাডার অনুদান মূলত নির্বাচন সংশ্লিষ্ট কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধিতে ব্যয় করা হবে।