শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়আজ অন্তর্বর্তী সরকারের শেষ বৈঠক, সচিবদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আজ অন্তর্বর্তী সরকারের শেষ বৈঠক, সচিবদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ অন্তর্বর্তী সরকারের শেষ বৈঠক, সচিবদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে উপদেষ্টা ও সচিবদের বৈঠক অনুষ্ঠিত হবে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি)। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাঁর সভাপতিত্বে সকাল সোয়া ১০টায় প্রথমে সচিবদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। এ সময় প্রধান উপদেষ্টা সচিবদের উদ্দেশে বিদায়ী ভাষণ দেবেন। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব পালন করছেন মোট ৭৫ জন সচিব। তাঁদের মধ্যে ১৬ জন চুক্তিভিত্তিক। সংশ্লিষ্ট সব সচিবই আজকের বৈঠকে উপস্থিত থাকবেন।

সূত্র আরও জানায়, ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ ৯ ফেব্রুয়ারি সরকারের সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে। এ বৈঠকে প্রধান উপদেষ্টা সচিবদের উদ্দেশে সরকারের কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে দিকনির্দেশনা দেবেন। পরে উপদেষ্টাদের সঙ্গে শেষ বৈঠকের মধ্য দিয়ে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্তির ঘোষণা আসতে পারে।

তবে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জরুরি প্রয়োজনে কেবল উপদেষ্টা পরিষদের বৈঠক ডাকা হতে পারে বলেও জানা গেছে।

এদিকে উপদেষ্টারা ইতোমধ্যে সরকারি বাসভবন ও কূটনৈতিক পাসপোর্ট সংশ্লিষ্ট দপ্তরে ফেরত দেওয়া শুরু করেছেন। এখন পর্যন্ত দুজন উপদেষ্টা সরকারি বাসভবন ছেড়ে দিয়েছেন এবং বাসা হস্তান্তরের জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। পাশাপাশি তিনজন উপদেষ্টা এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁদের কূটনৈতিক পাসপোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দিয়েছেন।

সংশ্লিষ্টদের মতে, উপদেষ্টাদের এসব পদক্ষেপ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে, অন্তর্বর্তী সরকার নির্বাচনের পর দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে।