ভোটের দিন চালু থাকবে মেট্রোরেল, ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দিন ভোটারদের যাতায়াত নির্বিঘ্ন করতে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ.কে.এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন উপলক্ষে ঘোষিত ছুটির দিনগুলোতেও মেট্রোরেল স্বাভাবিক কর্মদিবসের মতোই চলবে।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, ভোটের দিন যাত্রীদের চাপ বিবেচনায় ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো হবে, যাতে ভোটাররা সহজে ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন।
তবে নিরাপত্তার স্বার্থে যেসব মেট্রোরেল স্টেশনের গেট সরাসরি ভোটকেন্দ্রের একেবারে কাছে অবস্থিত, সেসব গেট সাময়িকভাবে বন্ধ রাখা হবে। অন্যান্য গেট খোলা থাকবে।
এদিকে নির্বাচনকালীন সময়ে মেট্রোরেল চলাচল নির্বিঘ্ন রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে ২ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।