ত্রয়োদশ জাতীয় নির্বাচন: কেন্দুয়ায় সিসিটিভি, সেনা ও বিজিবি মোতায়েন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। উপজেলার ৯৬টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যার মধ্যে ৫০টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ও বিশেষ নজরদারি থাকবে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনের কেন্দুয়া উপজেলায় ১টি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৯১৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫০০, নারী ভোটার ১ লাখ ৩৯ হাজার ৪১০ এবং হিজড়া ভোটার রয়েছেন ৬ জন।
ইতোমধ্যে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্সসহ ভোটগ্রহণের সব সরঞ্জাম কেন্দুয়ায় পৌঁছেছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ, আনসার, বিজিবি ও অতিরিক্ত সেনাবাহিনী মোতায়েন থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
এছাড়া কোনো ধরনের অনিয়ম বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।