গ্রামমুখী যাত্রীদের চাপ ও সংস্কারকাজে মহাসড়কে ভোগান্তি
নির্বাচনী দায়িত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন এবং ভোটকে কেন্দ্র করে গ্রামমুখী মানুষের চাপ বেড়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দীর্ঘ সময় ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক এবং এশিয়ান হাইওয়ের বিভিন্ন অংশে সহস্রাধিক যানবাহন আটকে রয়েছে।
স্থানীয়রা জানান, সকাল থেকেই বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি ধীরগতিতে চলাচল করছে কিংবা দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে, ফলে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ভোটকেন্দ্রে যাওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক মানুষ গ্রামের দিকে রওনা হওয়ায় যানবাহনের চাপ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। অন্যদিকে নির্বাচনী দায়িত্ব পালনে অধিকাংশ পুলিশ সদস্য মাঠে থাকায় সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে জনবল সংকট দেখা দিয়েছে।
শিমরাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ জুলহাস জানান, নির্বাচন উপলক্ষে অধিকাংশ সদস্যকে দায়িত্বে পাঠানো হয়েছে, ফলে সেখানে মাত্র দুইজন সদস্য দিয়ে পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। জনবল স্বল্পতার কারণে যানজট নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে।
কাঁচপুর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ সাহাবুর রহমান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের চলমান সংস্কারকাজের প্রভাবও যানজট বাড়িয়েছে। থানায় মাত্র চারজন সদস্য থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, তবুও যানজট নিরসনে চেষ্টা অব্যাহত রয়েছে।