শেরপুর সদর উপজেলায় অস্ত্র উদ্ধার ও নিরাপত্তা অভিযান
শেরপুর জেলার সদর উপজেলায় যৌথবাহিনী এক সন্ত্রাসীকে আটক করেছে এবং তার কাছ থেকে ১টি শর্টগান উদ্ধার করেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকা থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাকে হাতেনাতে ধরা হয়। প্রাথমিকভাবে উদ্ধারকৃত শর্টগানটি পুলিশ কেন্দ্র থেকে লুট হওয়া অস্ত্র বলে নিশ্চিত করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন হারেজ মিয়া (৩২), শেরপুর সদর উপজেলার সাপমারী পশ্চিম সৈনিকপাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা গেছে, শর্টগানটি ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় পুলিশ কেন্দ্র থেকে লুট করা হয়েছিল। সেনাবাহিনী নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্ত্রাসীর অবস্থান সনাক্ত করে তল্লাশি চালানো হয় এবং হারেজ মিয়াকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ শেরপুর সদর থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর সদর থানার ওসি সোহেল রানা জানান, অস্ত্র আইনে সদর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আটককৃত হারেজ মিয়াকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী পুনর্ব্যক্ত করেছে যে, জনসাধারণের জানমালের নিরাপত্তা এবং অবৈধ অস্ত্র উদ্ধার তাদের অঙ্গীকার। তারা সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, কোনো অপরাধমূলক কর্মকান্ডের তথ্য স্থানীয় সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে।
আসন্ন নির্বাচন এবং দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশব্যাপী যৌথবাহিনীর বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।