যশোর-৬: অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল বিস্ফোরণ
যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটের সময় এই হামলা হয়।
এ ঘটনায় সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানান কেশবপুরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান সাইদ। তিনি লিখিত বক্তব্যে বলেন, “ঘটনাটি নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একজন জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য সন্ত্রাসী গ্রুপ কর্তৃক পরিচালিত হয়েছে।”
সাইদুর রহমান প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি জানান, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করতে হবে এবং ঘটনাটির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, কেশবপুরে ভোটার, প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রিজাউল ইসলাম, সেক্রেটারি রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি তবিবুর রহমান, পেশাজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান এবং পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন প্রমুখ।
অধ্যাপক মোক্তার আলী ঘটনার বিষয়ে বলেন, “কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। তবে আমি এর তীব্র নিন্দা জানাই।”
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, “ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।”