ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা থেকে সরে এলো নির্বাচন কমিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
এর আগে একই দিনে দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে কঠোর বিধিনিষেধ থাকবে। এ সংক্রান্ত একটি চিঠি ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরে দেশের সব রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
সেই নির্দেশনায় বলা হয়েছিল, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।
তবে বিকেলে নির্বাচন কমিশন আগের সিদ্ধান্ত থেকে সরে এসে মোবাইল ফোন ব্যবহারের বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দেয়।