শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়নির্বাচন সামনে, বিদায়ের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

নির্বাচন সামনে, বিদায়ের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

favicon
ভোরের আলো ডেস্ক:
নির্বাচন সামনে, বিদায়ের প্রস্তুতিতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে উৎসবমুখর পরিবেশ তৈরি হলেও অন্তর্বর্তী সরকারের ভেতরে শুরু হয়েছে বিদায়ের প্রস্তুতি। দায়িত্ব হস্তান্তর সহজ করতে উপদেষ্টারা সরকারি বাসভবন ছেড়ে দেওয়া এবং কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।


জানা গেছে, ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের দুজন উপদেষ্টা সরকারি বাসা ছেড়ে দিয়েছেন এবং বাসা বুঝিয়ে দেওয়ার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। পাশাপাশি অন্তত ১৩ জন উপদেষ্টা এবং চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কূটনৈতিক বা ‘লাল পাসপোর্ট’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন।


কিছু উপদেষ্টা জানিয়েছেন, দায়িত্বে থাকা পর্যন্ত তারা কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করবেন এবং বিদায়ের সময় সরকারি অন্যান্য সামগ্রীর সঙ্গে সেটিও জমা দেবেন। অন্যদিকে কেউ কেউ ইতোমধ্যে ব্যক্তিগত নথিপত্র ও জিনিসপত্র সরকারি দপ্তর থেকে সরিয়ে নিয়েছেন।


উপদেষ্টাদের মতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে যাতে দ্রুত ও নির্বিঘ্নভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়, সে লক্ষ্যেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে গুরুত্বপূর্ণ নথি ও প্রশাসনিক কার্যক্রমও সম্পন্ন করা হচ্ছে।


সূত্র জানায়, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সরকারি বাসা ছাড়ার বিষয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছেন। আরও কয়েকজন উপদেষ্টা নির্বাচনের আগে একই পদক্ষেপ নিতে পারেন।


নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, লাল পাসপোর্ট জমা দেওয়ার প্রক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র নিয়ে নতুন পাসপোর্টের আবেদন করা হয়। নতুন পাসপোর্ট ইস্যু হলে আগের কূটনৈতিক পাসপোর্ট স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যায়।


নতুন পাসপোর্টের আবেদন বা জমা দেওয়া উপদেষ্টাদের মধ্যে রয়েছেন— অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, মুক্তিযুদ্ধ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, শেখ বশিরউদ্দীনসহ আরও কয়েকজন।


এ ছাড়া মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমও তাদের কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন বলে জানা গেছে।