শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়শেষ মুহূর্তে গণসংযোগ শেষে থামল প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ

শেষ মুহূর্তে গণসংযোগ শেষে থামল প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ

favicon
ভোরের আলো ডেস্ক:
শেষ মুহূর্তে গণসংযোগ শেষে থামল প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণার সময় শেষ হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা বন্ধ হয়। শেষ মুহূর্তে বিভিন্ন এলাকায় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ব্যাপক গণসংযোগ করতে দেখা গেছে। অনেকেই মধ্যরাত পর্যন্ত ভোটারদের কাছে গিয়ে সমর্থন চান, আবার কেউ কেউ ভোরে প্রচারণা শুরু করেন।


প্রার্থীরা জানিয়েছেন, নির্বাচনের শেষ সময়ের প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। তাই শেষ পর্যন্ত ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরে ভোট প্রার্থনায় ব্যস্ত ছিলেন তারা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের আশা প্রকাশ করেছেন অধিকাংশ প্রার্থী। তবে বিভিন্ন স্থানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগের কথাও উঠে এসেছে। এদিকে ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা করছেন।


নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, দেশের ৪৯টি জেলায় ইতোমধ্যে রিটার্নিং অফিসারদের কাছে ব্যালট পেপার পৌঁছে গেছে এবং বাকি জেলাগুলোতে দ্রুত পৌঁছে দেওয়া হচ্ছে। জামায়াতে ইসলামীর এক প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল হওয়ায় এবার ৩০০টির মধ্যে ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হবে।


এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫৪ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২২০ জন।


নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে (২ লাখ ২৮ হাজার ৪৩১ জন) এবং সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে (৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন)। এবারের নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন, যার মধ্যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ২৭৫ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—২৯১ জন।