ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, বাস-রেলস্টেশনে উপচে পড়া ভিড়
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজধানীসহ বড় শহরগুলো থেকে বাড়ির পথে রওনা হয়েছেন হাজারো মানুষ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়।
আগামীকাল বুধবার শেষ কর্মদিবস হলেও অনেকেই আগেভাগেই পরিবার-পরিজন নিয়ে যাত্রা শুরু করেছেন। বাস টার্মিনালগুলোতে তৈরি হয়েছে ঈদযাত্রার মতো পরিস্থিতি। কাউন্টারের সামনে দীর্ঘ লাইন, হাতে ব্যাগ–বস্তা আর স্বজনদের নিয়ে ব্যস্ত সময় পার করছেন যাত্রীরা।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, বুধবার থেকে যাত্রীর চাপ আরও বাড়তে পারে। অধিকাংশ রুটে আগাম টিকিট প্রায় শেষ হয়ে গেছে।
অন্যদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনেও ট্রেনের টিকিট সংগ্রহে দীর্ঘ সারি দেখা গেছে। অনেকেই জানিয়েছেন, কয়েক বছর পর উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেয়ে তারা নিজ এলাকায় যাচ্ছেন।
নির্বাচনকে কেন্দ্র করে এমন ভ্রমণচিত্রে রাজধানীর টার্মিনাল ও স্টেশনগুলোতে দেখা গেছে ব্যস্ততা আর প্রত্যাশার মিশ্র দৃশ্য।