জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যানবাহন চলাচলে বিধিনিষেধ, মোটরসাইকেল বন্ধ থাকবে তিন দিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারা দেশে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণের দিনসহ আগে ও পরের নির্ধারিত সময়ে মোটরসাইকেলসহ কিছু যানবাহনের চলাচল সীমিত থাকবে বলে জানিয়েছে কমিশন।
ইসির নির্দেশনা অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, ভোটগ্রহণ নির্বিঘ্ন ও নিরাপদ রাখতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক এবং জরুরি সেবার যানবাহন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
ওষুধ, স্বাস্থ্যসেবা ও জরুরি সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংবাদপত্র বহনকারী পরিবহন চলাচল করতে পারবে। বিদেশগামী বা বিদেশফেরত যাত্রীদের জন্য বিমানবন্দরগামী যানবাহন টিকিট বা প্রমাণপত্র প্রদর্শন সাপেক্ষে চলাচলের অনুমতি পাবে।
এ ছাড়া দূরপাল্লার যাত্রীবাহী যানবাহন ও স্থানীয় পর্যায়ে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল রাখা হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টরা রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে একটি ছোট গাড়ি ব্যবহার করতে পারবেন।
সাংবাদিক, পর্যবেক্ষক এবং নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের যানবাহন ও মোটরসাইকেলও অনুমোদন নিয়ে চলাচল করতে পারবে। টেলিযোগাযোগ সেবাকে জরুরি হিসেবে বিবেচনা করে বিটিআরসি ও সংশ্লিষ্ট লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের যানবাহনও ছাড় পাবে।
জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে অতিরিক্ত বিধিনিষেধ আরোপ বা শিথিল করার ক্ষমতা রাখবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন।