শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট স্থগিত: আইজিপি বাহারুল আলম

মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট স্থগিত: আইজিপি বাহারুল আলম

favicon
ভোরের আলো ডেস্ক:
মবের চেষ্টা হলে পুরো আসনের ভোট স্থগিত: আইজিপি বাহারুল আলম

নির্বাচনে কোনো ধরনের মব বা সংঘবদ্ধ বিশৃঙ্খলার চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, প্রয়োজনে পুরো আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


আইজিপি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নির্বাচন বাধাগ্রস্ত করার যেকোনো চেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে। কেন্দ্রীয় নিরাপত্তা, ভ্রাম্যমাণ টহল এবং স্ট্রাইকিং ফোর্স—এই তিন পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে।


তিনি বলেন, নির্বাচন উপলক্ষে মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবেন। নিরপেক্ষতা নিশ্চিত করতে গত নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের এবার নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে বলেও জানান আইজিপি।


নিরাপত্তা জোরদারে ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি-ওয়ার্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এছাড়া ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে বলে জানান তিনি।


আইজিপি আরও বলেন, তফসিল ঘোষণার পর থেকে কিছু সহিংস ঘটনা ঘটেছে। গত ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ৩১৭টি সহিংস ঘটনায় ৫ জন নিহত এবং ৬০৩ জন আহত হয়েছেন। আসন্ন নির্বাচন পুলিশের জন্য জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেও মন্তব্য করেন তিনি।