সরকারি খরচে হজ নয়, হাজিরা ফেরত পাবেন ৩ কোটির বেশি টাকা
টানা দ্বিতীয় বছরের মতো সরকারি ব্যয়ে কাউকে হজে পাঠানো হচ্ছে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, চলতি বছর হজযাত্রীরা মোট ৩ কোটির বেশি টাকা ফেরত পাবেন।
ধর্ম উপদেষ্টা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ফলে হজ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এসেছে। গত দুই বছরে ধাপে ধাপে বিমানভাড়া প্রায় ৪০ হাজার টাকা কমানো হয়েছে এবং ২০২৬ সালের হজে বিমানভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা।
তিনি জানান, হজ ব্যবস্থাপনা আধুনিক করতে ‘লাব্বাইক’ অ্যাপ, প্রি-পেইড কার্ড ও মোবাইল রোমিং সুবিধা চালু করা হয়েছে। এবার তিন ধরনের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যার মধ্যে সাশ্রয়ী প্যাকেজের মূল্য রাখা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার টাকা।
ধর্ম উপদেষ্টার মতে, এবারের হজ প্রস্তুতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে। হাজিদের ভোগান্তি কমাতে হারাম শরীফের কাছাকাছি আবাসনের ব্যবস্থাও করা হয়েছে।