গণপিটুনিতে নিহত দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণ করবে সরকার
ময়মনসিংহের ভালুকায় গণপিটুনিতে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তা ও বাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
সরকারি তথ্য অনুযায়ী, গত বছরের ১৮ ডিসেম্বর ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে দীপু দাসকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়। ঘটনাটি সে সময় সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে আলোচিত হয়।
প্রধান উপদেষ্টার পরামর্শে ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার নিহতের বাড়ি পরিদর্শন করেন এবং পরিবারের প্রতি সরকারের সহমর্মিতা জানান। নিহত দীপু দাস ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে বিশেষ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার জানিয়েছে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে বাড়ি নির্মাণে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। এছাড়া নগদ সহায়তা হিসেবে নিহতের বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার এফডিআরও করা হবে। পুরো কার্যক্রম তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হবে।
শিক্ষা উপদেষ্টা ড. সি. আর. আবরার বলেন, দীপু দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ এবং এর কোনো অজুহাত নেই। সাম্প্রদায়িক উন্মাদনা ছড়িয়ে একজন মানুষকে হত্যা করা জাতির জন্য লজ্জাজনক। তিনি বলেন, মতভেদ থাকলেও কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারে না এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে