পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৫ দোকান
রাজধানীর পূর্বাচল নীলা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোররাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দুটি মিষ্টির দোকান, দুটি রেস্টুরেন্ট এবং একটি মুদি দোকান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই দোকানগুলোতে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়।
পূর্বাচল ফায়ার সার্ভিস স্টেশনের ম্যানেজার জানান, ভোরের দিকে স্থানীয়রা মার্কেটে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে চারটি ইউনিট একযোগে কাজ করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি; তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
হঠাৎ এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে হতাশায় ভুগছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা।