ভয় নয়, সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান ড. ইউনূসের
ভয়কে উপেক্ষা করে সাহসের সঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমি আপনাদের কাছে শুধু অনুরোধ নয়, দাবি জানাচ্ছি—ভয়কে পেছনে রেখে সাহস নিয়ে ভোটকেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু সরকার নির্বাচন করবে না; এটি দীর্ঘদিনের নীরবতার জবাব দেবে, বাধাহীন ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান জানাবে এবং জাতিকে নতুনভাবে গড়ে তুলতে সহায়তা করবে।”
তিনি আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ নির্বাচন কেবল জনপ্রতিনিধি নির্বাচন নয়, বরং রাষ্ট্র কোন পথে এগোবে সে সিদ্ধান্ত জনগণের হাতেই তুলে দেবে।
নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টা। পাশাপাশি প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।
গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচিত প্রতিনিধিদের কাছেই ক্ষমতা হস্তান্তর করবে—এ বিষয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই।