শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়প্রথমবার ভোট, ঈদের মতো আনন্দ—কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

প্রথমবার ভোট, ঈদের মতো আনন্দ—কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রথমবার ভোট, ঈদের মতো আনন্দ—কমলাপুরে ঘরমুখো মানুষের ঢল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। বুধবার সকাল থেকেই স্টেশনজুড়ে ছিল উপচেপড়া ভিড়। গ্রামের বাড়িতে গিয়ে ভোট দেওয়ার উদ্দেশ্যে পরিবার-পরিজন নিয়ে ট্রেনে চড়ছেন হাজারো মানুষ।

অতিরিক্ত যাত্রীর চাপে অনেকেই আসনবিহীন বা স্ট্যান্ডিং টিকিট কেটে যাত্রা করছেন। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে কেউ কেউ ঝুঁকি নিয়ে ছাদেও উঠছেন। নিরাপত্তা নিশ্চিতে স্টেশনে সক্রিয় রয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএমবি)। প্রতিটি প্রবেশপথে স্ক্যানার বসানো হয়েছে, টিকিট চেক ও ডিজিটাল স্ক্যানিংয়ের মাধ্যমে যাত্রীদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

ভোটকে ঘিরে স্টেশনজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ব্যাগ হাতে যাত্রীদের ভিড়, মুখে হাসি আর প্রত্যাশার গল্পে মুখর কমলাপুর। বিশেষ করে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ-তরুণীদের চোখেমুখে দেখা যাচ্ছে আলাদা উচ্ছ্বাস।

সকালেই পরিবার নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন জয়নাল আবেদীন। তিনি বলেন, সড়কপথে টিকিট পাওয়া কঠিন, যানজট বেশি এবং ভাড়াও চড়া। তাই ট্রেন ভ্রমণই বেছে নিয়েছেন। আসন না পেলেও দাঁড়ানোর টিকিট কেটে যাত্রা করছেন বলে জানান তিনি। প্রথমবার ভোট দিতে যাওয়া অনেকের আনন্দ চোখে পড়ছে বলেও মন্তব্য করেন জয়নাল।

রংপুর এক্সপ্রেসের যাত্রী মাহমুদা বলেন, “প্রথমবার ভোট দেবো, ঈদের মতো আনন্দ লাগছে। আমি ও আমার স্বামী একসঙ্গে বাড়ি যাচ্ছি। এটি এক ভিন্নরকম অনুভূতি। দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে যারা কাজ করবে, তাদেরই ভোট দেব।”

আসন না পেয়ে দাঁড়িয়ে যাত্রা করছেন নাহিদ হাসান। তিনি বলেন, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ এসেছে, তাই এই সুযোগ হাতছাড়া করতে চান না। প্রয়োজনে ছাদে উঠে হলেও বাড়ি পৌঁছাবেন বলে জানান তিনি।

বাড়তি যাত্রীর চাপ সামাল দিতে সতর্ক অবস্থানে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম জানান, গত তিনদিন ধরেই যাত্রীচাপ বৃদ্ধি পেয়েছে। ভোট উপলক্ষে দীর্ঘ ছুটি থাকায় যাত্রীর সংখ্যা বেড়েছে।

তিনি আরও জানান, রাজশাহী অভিমুখী পদ্মা এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ বাতিল করে গতকাল ও আজ ট্রেনটি চালানো হচ্ছে। বুধবার মোট ৪৩টি আন্তঃনগর এক্সপ্রেস এবং ২৬টি মেইল ও লোকাল কমিউটার ট্রেন চলাচল করছে।

সব মিলিয়ে ভোটের টানে কমলাপুর রেলওয়ে স্টেশন এখন যেন মানুষের মিলনমেলায় পরিণত হয়েছে।