শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু

১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু

favicon
ভোরের আলো ডেস্ক:
১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু

দীর্ঘ ১৭ বছর পর দেশে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ভোট শুরুর পর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। অনেকেই ফজরের নামাজ আদায় করে সকালেই ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ান। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ভিড়ও বাড়ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রতিটি কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে; একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত রয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষাপটে পতন হওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি।


মোট ২ হাজার ২৮ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নারী প্রার্থী ৮১ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৫ জন।

রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—‘ধানের শীষ’ প্রতীকে ২৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘হাতপাখা’ প্রতীকে ২৫৮ জন প্রার্থী দিয়েছে। জামায়াতে ইসলামী ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ২২৯ জন প্রার্থী নিয়ে মাঠে রয়েছে। জাতীয় পার্টি ‘লাঙ্গল’ প্রতীকে ১৯৮ জন প্রার্থী দিয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকে ৩২ জন প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নিয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে ৭৬ জন ‘ফুটবল’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন পর্যবেক্ষণে রয়েছে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন দেশীয় পর্যবেক্ষক। এর মধ্যে কেন্দ্রীয়ভাবে নিয়োজিত রয়েছেন ৭ হাজার ৯৯৭ জন এবং স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালন করছেন ৪৭ হাজার ৪৫৭ জন। পাশাপাশি ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকও নির্বাচন পর্যবেক্ষণ করছেন।