শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়টাকা নিয়ে ধরা পড়া ভালো, ভোট কেনার চেষ্টা সফল হবে না: ইসি সানাউল্লাহ

টাকা নিয়ে ধরা পড়া ভালো, ভোট কেনার চেষ্টা সফল হবে না: ইসি সানাউল্লাহ

favicon
ভোরের আলো ডেস্ক:
টাকা নিয়ে ধরা পড়া ভালো, ভোট কেনার চেষ্টা সফল হবে না: ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, বিভিন্ন স্থানে টাকা নিয়ে ধরা পড়ার ঘটনা ইতিবাচক দিক নির্দেশ করে, কারণ এতে প্রমাণ হয় ভোট কেনার চেষ্টা সফল হচ্ছে না। কোনো ব্যক্তি অসৎ উদ্দেশ্যে নির্বাচনী প্রক্রিয়ায় প্রভাব ফেলতে চাইলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার পর রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন ও ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে এবং ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছেন। এ পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান তিনি। পাশাপাশি গণমাধ্যমকে বস্তুনিষ্ঠভাবে তথ্য প্রকাশের আহ্বান জানান।

নির্ধারিত সময় অনুযায়ী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারাদেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। অনেকেই নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হন। কোথাও কোথাও দীর্ঘ লাইনও লক্ষ্য করা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও এদিন ভোট দিতে দেখা গেছে।

নির্বাচন উপলক্ষে বুধবার দেশজুড়ে ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয় নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সারারাত কেন্দ্রগুলোতে দায়িত্ব পালন করেন।

এবার ২৯৯টি আসনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের ভোট স্থগিত করা হয়েছে। নির্বাচনে নিবন্ধিত ৫০টি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ২৮ জন। এর মধ্যে রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা ২৭৫ জন উল্লেখ করা হলেও সংশোধিত হিসেবে ২৭৩ জন নিশ্চিত করা হয়েছে। মোট প্রার্থীর মধ্যে নারী ৮৩ জন—এর মধ্যে দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন। পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৫ জন—দলীয় ১ হাজার ৬৯২ জন ও স্বতন্ত্র ২৫৩ জন।