ভোটের কারণে ব্যক্তিগত সম্পর্ক নষ্ট হোক, তা চাই না: হাসনাত আব্দুল্লাহ
এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক ও কুমিল্লা-৪ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ভোট একটি উৎসব—এটি ভয়ের বিষয় নয়। ভোটাররা যার ইচ্ছা তাকে ভোট দেবেন, কিন্তু শুধুমাত্র ভোটের কারণে ব্যক্তিগত সম্পর্কের অবনতি হোক, তা তিনি চান না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার এলাকায় ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, সকাল থেকেই ভোটারদের মধ্যে উৎসাহ দেখা গেছে। দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়নি বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে নতুন প্রজন্ম, ‘জেনারেশন জেড’-এর অনেকেই এবার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। তার নির্বাচনী আসনে প্রায় ১ লাখ ৩০ হাজার নতুন ভোটার রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সবাই উৎসাহ নিয়ে কেন্দ্রে আসবেন।
তিনি অভিযোগ করেন, ভোটারদের কেন্দ্রে না যেতে ভয়ভীতি দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে ভোট দিলে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া জুলাইয়ের হত্যাকাণ্ডে জড়িত এবং ঋণখেলাপি ব্যক্তিরা একত্রিত হয়ে নির্বাচন যেন সুষ্ঠু ও উৎসবমুখর না হয়, সে চেষ্টা করছে বলেও দাবি করেন তিনি।