শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়সারা দেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে: সিইসি নাসির উদ্দিন

সারা দেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে: সিইসি নাসির উদ্দিন

favicon
ভোরের আলো ডেস্ক:
সারা দেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে: সিইসি নাসির উদ্দিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, এখন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ চলছে। তিনি বলেন, বিচ্ছিন্নভাবে দুই-একটি স্থানে কেন্দ্রের বাইরে ছোটখাটো ঘটনা ঘটলেও দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।


বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।


সিইসি জানান, ঠাকুরগাঁয়ের একটি ভোটকেন্দ্রে জামায়াত ও বিএনপির দুই নেতাকে পাশাপাশি দাঁড়িয়ে হাসিমুখে কথা বলতে দেখা গেছে, যা গণতন্ত্রের ইতিবাচক দিক তুলে ধরে। তিনি বলেন, এ ধরনের দৃশ্যই গণতন্ত্রের সৌন্দর্য প্রকাশ করে।


তিনি দাবি করেন, ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে বড় নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি সাংবাদিকরা নির্বাচনী আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেছেন।


নাসির উদ্দিন বলেন, নির্বাচনী কার্যক্রম পরিচালনায় প্রায় ১৭ লাখ মানুষ কাজ করছেন। এর মধ্যে প্রায় সাড়ে ৯ লাখ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং প্রায় ৮ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা রয়েছেন। এত বড় জনবলকে সমন্বয় করে প্রশিক্ষণ দেওয়া ও মাঠে পরিচালনা করা একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন তিনি।


পাতানো নির্বাচনের অভিযোগ সম্পর্কে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করছে এবং কোনো পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করছে না। তিনি বলেন, কেন্দ্র দখল বা ভোটের বাক্স দখলের মতো অতীতের সংস্কৃতি ভুলে যেতে হবে।


এছাড়া তিনি জানান, জাতীয় নির্বাচন ও গণভোট মিলিয়ে প্রায় ২৫৪ মিলিয়ন ব্যালট পেপার ছাপিয়ে দেশের বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে, যা একটি বড় লজিস্টিক চ্যালেঞ্জ ছিল।