বগুড়া-৬ আসনে ভোটকেন্দ্রে হামলার অভিযোগ: জামায়াত-বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য
বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে জামায়াতে ইসলামীর নির্বাচনী বুথ ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে মহিষবাথান সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটগ্রহণ শুরু হওয়ার কিছু সময় পর বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে জামায়াতের নির্বাচনী বুথে হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এতে জামায়াতের অন্তত তিনজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর থেকে শেখেরকোলা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান নিখোঁজ রয়েছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ভাঙা চেয়ার ও পুড়িয়ে দেওয়া ভোটার তালিকা উদ্ধার করা হয়।
বগুড়া শহর জামায়াতের গণমাধ্যম বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন অভিযোগ করেন, হামলার পর বিএনপি নেতাকর্মীরা মাহফুজুর রহমানকে তুলে নিয়ে গেছে এবং তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, বিএনপির সম্ভাব্য বিজয় দেখে কেউ কেউ নিজেরাই ভাঙচুর করে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে। অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।