শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভিড়

উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভিড়

favicon
ভোরের আলো ডেস্ক:
উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট, কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ভিড়

সারা দেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে।


ভোর থেকেই দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক ভোটার ফজরের নামাজের পরই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বেড়েছে। বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে চোখে পড়ছে।


বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটারদের দীর্ঘ লাইন এবং প্রতিটি বুথের সামনে ভিড়। ভোটাররা উৎসবের আমেজে ভোট দিতে আসছেন এবং অনেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ জানিয়েছেন, দীর্ঘ সময় পর এমন পরিবেশে ভোট দিতে পেরে তারা উচ্ছ্বসিত।


রাজধানীর ঢাকা-১০ আসনের দুটি কেন্দ্রে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১৬ শতাংশ। ঢাকা-১৫ আসনের ১২৭টি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ১০ শতাংশ। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ২৯৩ জন।


এদিকে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট পড়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোতাওয়াক্কিল রহমান জানান, সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ভোটের হার ২৯ থেকে ৩৭ শতাংশের মধ্যে রয়েছে। গড় হিসেবে ভোট পড়েছে প্রায় ৩২ দশমিক ৮৩ শতাংশ।


ভোট দিয়ে উচ্ছ্বসিত বিভিন্ন বয়সী ভোটাররা


দেশের বিভিন্ন প্রান্তে প্রবীণ ভোটারদের অংশগ্রহণও ছিল উল্লেখযোগ্য। বরিশালের গৌরনদীতে ৯০ বছর বয়সী কমলা রানী লাঠিতে ভর দিয়ে প্রায় দুই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভোটকেন্দ্রে আসেন। ভোট দিতে পেরে তিনি আবেগ প্রকাশ করে বলেন, জীবনের শেষ বয়সে এমন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারবেন—এটা তিনি কল্পনাও করেননি।


চট্টগ্রামে নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিতে আসা ৬০ বছর বয়সী বিউটি দাশ বলেন, ভোট দিতে পারলে তার মনে শান্তি আসে। একইভাবে ব্রাহ্মণবাড়িয়ায় অসুস্থতা সত্ত্বেও ভোট দিতে আসা প্রবীণ ভোটাররাও সন্তোষ প্রকাশ করেন।


প্রথমবার ভোট দেওয়া তরুণ ভোটারদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ। নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী শাহিন বলেন, প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা তার কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে এবং তিনি আশা করেন এই নির্বাচনের মাধ্যমে দেশের নতুন অধ্যায়ের সূচনা হবে।