শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ভোট শেষে শুরু গণনা, সংসদ ও গণভোটের ব্যালট আলাদা করে হিসাব

ভোট শেষে শুরু গণনা, সংসদ ও গণভোটের ব্যালট আলাদা করে হিসাব

favicon
ভোরের আলো ডেস্ক:
ভোট শেষে শুরু গণনা, সংসদ ও গণভোটের ব্যালট আলাদা করে হিসাব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশের বিভিন্ন কেন্দ্রে ইতোমধ্যে ভোট গণনা শুরু হয়েছে। বিভিন্ন স্থানে গণনার জন্য ব্যালট বাক্স সংশ্লিষ্ট কেন্দ্রে নেওয়া হয়েছে।

এবার সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে রাখা হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা-কালো রঙের এবং গণভোটের ব্যালট গোলাপি রঙের। গণনার সময় প্রথমে দুটি ভিন্ন রঙের ব্যালট আলাদা করা হবে, এরপর পৃথকভাবে গণনা সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দিনের বিভিন্ন সময়ে দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেলেও সার্বিকভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত দেশের ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে মোট ভোট পড়েছে ৪৭ দশমিক ৯১ শতাংশ। বিকেল সোয়া ৪টার দিকে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।


এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ।

ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ইসি সচিব বলেন, দেশের কোথাও ভোটগ্রহণ স্থগিত করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। সারা দেশে কোনো কেন্দ্রেই ভোট স্থগিত হয়নি।