শান্তিপূর্ণ ভোটে জাতিকে অভিনন্দন প্রধান উপদেষ্টার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোটগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় প্রধান উপদেষ্টা বলেন, ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, প্রার্থীদের সংযম এবং নির্বাচন-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের পেশাদারিত্ব সম্মিলিতভাবে প্রমাণ করেছে যে গণতন্ত্রের প্রতি দেশের অঙ্গীকার অটুট। জনগণ তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে সক্রিয় ভূমিকা রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, পর্যবেক্ষক দল, গণমাধ্যমকর্মী এবং ভোটগ্রহণে সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান। তাদের নিষ্ঠা ও পরিশ্রমের ফলেই এই বৃহৎ গণতান্ত্রিক আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
চূড়ান্ত ফলাফল ঘোষণার পরও গণতান্ত্রিক শালীনতা, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান ড. ইউনূস। তিনি বলেন, মতের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আবারও প্রমাণ করেছে—জনগণই সব ক্ষমতার উৎস। একটি জবাবদিহিমূলক, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে।
এই নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর ছিল বলে মন্তব্য করে তিনি আশা প্রকাশ করেন, এই ধারা অব্যাহত থাকলে দেশের গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
তবে দিনের বিভিন্ন সময়ে দেশের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্ন সহিংসতার ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।