ঢাকা-৮ আসনে তিন কেন্দ্রের ফলে ৭ ভোটে এগিয়ে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা-৮ আসনের (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) তিনটি কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী শাপলা প্রতীকে ১ হাজার ২৪৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৪২ ভোট। ফলে এই তিন কেন্দ্রের হিসাবে ৭ ভোটে এগিয়ে আছেন এনসিপি প্রার্থী।
এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
এর আগে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে সারা দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। একই সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষ হয়।