আদালতের মামলার কারণে তিন আসনের ফল ঘোষণা স্থগিত করল ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হলেও তিনটি আসনের ফলাফল ঘোষণা আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল প্রকাশ না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থগিত থাকা আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক তিনটি চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চট্টগ্রাম-৪ আসনের ক্ষেত্রে আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৭৪/২০২৬ থেকে উদ্ভূত) বিষয়ে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের আদেশের আলোকে প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। তবে মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত থাকবে বলে জানিয়েছে কমিশন।
একইভাবে, চট্টগ্রাম-২ আসনে সিপিএলএ নং ৪৪০/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১০৫৩/২০২৬ থেকে উদ্ভূত) সংক্রান্ত আদেশ অনুযায়ী প্রার্থী সরোয়ার আলমগীর নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে মামলার চূড়ান্ত রায় না আসা পর্যন্ত তার নির্বাচনী ফল ঘোষণা করা যাবে না বলে ইসি জানিয়েছে।
অন্যদিকে, শেরপুর-২ আসনের ক্ষেত্রে সিপিএলএ নং ৪৪২/২০২৬ (হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১১৮৬/২০২৬ থেকে উদ্ভূত) সংক্রান্ত আপিল বিভাগের আদেশ অনুযায়ী প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে তার নির্বাচনের চূড়ান্ত ফলাফল আপিল বিভাগের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।