মধ্যরাতেই শেষ হচ্ছে মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা, স্বাভাবিক হচ্ছে সড়ক চলাচল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে আরোপ করা ৭২ ঘণ্টার মোটরসাইকেল চলাচলের নিষেধাজ্ঞা আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে শেষ হচ্ছে। ফলে নতুন কোনো নির্দেশনা না এলে মধ্যরাতের পর থেকেই স্বাভাবিকভাবে মোটরসাইকেল চলাচল শুরু হবে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী, গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে ১৩ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল।
নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটের দিনকে ঘিরে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপরও ২৪ ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানো বা কমানোর ক্ষমতা রাখেন। তবে নতুন কোনো নির্দেশনা না থাকলে শুক্রবার মধ্যরাত থেকেই মোটরসাইকেল চলাচল স্বাভাবিক হবে।